সে লেখকের মৃত্যু নেই - অভীক মোহন দত্ত
শংকর চলে গেলেন। তাঁর সঙ্গে চলে গেল বোধহয় বাংলা মূলধারার সাহিত্যের এক নির্দিষ্ট পরিচয়।
সে-পরিচয়ের সর্বাঙ্গে লেগে ছিল বিশুদ্ধ গল্পকথনের এক নিখুঁত উদ্যম। মতবাদের চীৎকৃত ঘোষণা, কূপমণ্ডূক মধ্যমেধার সীমায়িত দৃষ্টিরেখা, বাংলা পুস্তকজগতের ক্ষুদ্র খাঁচার খোপের বাইরে দাঁড়িয়ে বিপুলবিচিত্র জীবনের কাহিনি উদ্যাপনের এক নির্ভয় যাত্রাই হয়ে উঠেছিল সে পরিচয়, শংকরের পরিচয়।
ষাট বছর আগে লেখা 'চৌরঙ্গী' আজ যখন বইমেলা থেকে কিনে নিয়েছেন কুড়ি বছর আগে জন্মানো কোনও পাঠক, তিনি হয়তো জানছেনও না, মাঝের চল্লিশ বছরে কত লেখকের লেখার জন্মমৃত্যু ঘটে গেছে বাংলাসাহিত্যের ঋতুবদলে। রয়ে গেছেন শংকর। রয়ে গেছেন তাঁর গল্পকথনের জোরে, রয়ে গেছেন কাহিনি বয়নের চিরন্তন পথটিকে আপন করে।
আজ মণিশংকর মুখোপাধ্যায়ের মৃত্যু হল। কিন্তু লেখক শংকর পাঠক হৃদয়ের মণিকোঠায় নিজের নামটি বসিয়ে ফেলেছেন চিরকালের মতো। সে লেখকের মৃত্যু নেই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন